আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দেওয়া এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা থেকে অব্যাহতি পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক (বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ে সঙযুক্ত) সোহেল রানা।
সাজার রায়ের বিরদ্ধে করা আপিল আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিষ্পত্তি করে তাকে অব্যাহতির আদেশ দিয়েছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ।
কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালীন একটি ফৌজদারি মামলার বিচার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশের পরেও অভিযোগ গঠন করে বিচার শুরু করায় গত বছরের ১২ অক্টোবর আদালত অবমাননার অভিযোগে বিচারক সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেয় হাইকোর্ট। ওই দিন আপিলের শর্তে জামিন পান সোহেল রানা। একই দিন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত তার সাজার রায় স্হগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। এর ধারাবাহিকতায় আজ শুনানি শেষে এ রায় হলো। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও শাহ মঞ্জুরুল হক।