এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগল কৃষকের কানে-পেটে-পায়ে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশ সীমান্তের ভেতরে আনোয়ারুল ইসলাম (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের রহমত বিলের সীমান্ত ঘেষা ধানক্ষেতে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে থাইংখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলছে। গত দুদিন সংঘর্ষের মাত্রা বহুগুণ বেড়েছে। এই কারণে অনেকটা জনমানব শূন্য হয়ে পড়েছে সীমান্তে আশপাশ এলাকা। থাইংখালী সীমান্ত এলাকায় আজ সকালে কৃষকরা ধানক্ষেতে কাজ করতে যান। তখন দুপুরের দিকে হঠাৎ মিয়ানমার থেকে আসা গুলি আনোয়ারের কানে, পায়ে ও পেটে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

পালংখালী ইউনিয়নের বাসিন্দা কক্সবাজারের সিনিয়র আইনজীবী বলেন আবদুল মান্নান, সোমবার দিনগত রাত থেকে কয়েক দফা আমাদের বসতবাড়িতে গুলি এসে পড়েছে। আজ সকালেও আমার ভাইয়ের বাসার উঠানে, চালে বুলেট এসে পড়েছে। এ নিয়ে সবাই আতঙ্কে রয়েছে।

পালংখালীর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ বলেন, সোমবার রাতের বিরামহীন গোলাগুলির পর আমার ও আশপাশের কয়েকটি গ্রামের শিশু ও নারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ি পাহারা দেওয়ার জন্য কিছু পুরুষ সদস্য আছেন।

পালংখালীর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই পয়েন্ট দিয়েই মঙ্গলবার সকালে ১১১ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে প্রবেশ করে থাইংখালী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, সোমবার রাত থেকেই গুলি, মর্টার শেল ও বোমার আওয়াজে খুবই আতঙ্ক হয়ে পড়েছে গ্রামবাসী। এখনও চলছে গোলাগুলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত