মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘর্ষে গুলিবিদ্ধ দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আহত চারজন সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে নিয়ে আসেন। আহতরা বিজিপি সদস্যরা হলেন ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের চার গুলিবিদ্ধ সদস্যকে সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে গতকাল সোমবার রাত সোয়া ১২টার দিকে হাসপাতালে বিজিপি সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে আসেন বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে বেশ কিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চার বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যদের নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে তারা বিজিবির পাহারায় থাকবে।
