যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি দল ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রিকি পন্টিং। ওয়াশিংটনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার।
গত বছর এমএলসির প্রথম আসরে ওয়াশিংটন ফ্রিডম তৃতীয় হয়েছিল। এর আগে ওয়াশিংটন ফ্রিডমের কোচ ছিলেন গ্রেগ শিপার্ড। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের কোচের দায়িত্বেও আছেন শিপার্ড। তাই ছাড়ছেন ওয়াশিটন ফ্রিডমের দায়িত্ব।
উল্লেখ্য যে, পন্টিংয়ের দীর্ঘদিনের মেন্টরও শিপার্ড। তারকা খ্যাতির বিচারে এমএলসির ইতিহাসে পন্টিংই সবচেয়ে বড় সংযোজন। অস্ট্রেলিয়ার হয়ে টানা তিনবার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক তিনি। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিং।
এক বিবৃতিতে পন্টিং বলেন, '২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডমের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণ ঘটছে এবং আমি মেজর লিগ ক্রিকেটে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। ওয়াশিংটন ফ্রিডমের সবাইকে দেখে আমি মুগ্ধ।'
পন্টিং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের কোচ। এমএলসি টুর্নামেন্টে ৬ দলের মধ্যে ৪টিই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল থেকে আর্থিক সাহায্য পায়।
