দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনে পরাজিত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।
মামলাটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। সাতকানিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা রিপন চাকমা বাদী হয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এবং স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী গত বছরের ৩১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে চুনতি মাদরাসার সিরাতুন্নবী (সা.) মাহফিলে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এক সমর্থকের ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার ঘোষণা এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী পুটিভিলা তাঁতিপাড়ায় এক সমাবেশে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এমন অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) এর বিধান লঙ্ঘন করা হয় মর্মে প্রতিবেদন জমা দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয় ইসি। এর আগে গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের কাছে ৪৬ হাজার ভোটের ব্যবধানে হেরে যান নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এনআইডি কার্যক্রম দেখতে ইতালি যাচ্ছেন ইসি রাশেদা
স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই ফাঁস নিলেন স্বামী