মানিকগঞ্জ

দুর্নীতির মামলায় রমজান কারাগারে

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের করা বিশেষ দুই মামলায় সাবেক মেয়র রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ঘটনাকে কেন্দ্র করে ২০০৭ সালের ৩ ও ১৩ মে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ মানিকগঞ্জ পৌরসভার প্রায় তিন লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর দেওয়ান মো. মিজানুর রহমান বলেন, এ দুই মামলায় উচ্চ আদালত থেকে দীর্ঘদিন জামিনে থাকলেও জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আত্মগোপনে চলে যান রমজান আলী।

এ কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত