কক্সবাজারের টেকনাফে পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় দুজন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫)।
শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম বলেন, সকালে পরিবারের সঙ্গে ওই দুই রোহিঙ্গা শিশু পাশের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশু মারা যায়। ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ি ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
