কুড়িগ্রামে আ.লীগ নেতা হত্যা, দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় জড়িত মূলহোতা দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাতে নিহত শরিফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে সদর থানায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়া, ছাত্রলীগ নেতা সৌরভ ও স্বাধীনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে মামলা দায়ের করে।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।

প্রেস ব্রিফিংয়ে রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনান সাথে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জেলার খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট জিপগাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় দুই ছাত্রলীগ নেতা আহত হয়। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দলবল নিয়ে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে বেধড়ক পিটিয়ে আহত করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহান জেলা শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা মোটর মালিক সমিতির সদস্য ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত