গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি ভবনের চার তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি কালিয়াকৈর উপজেলার জামালপুর দোয়ানিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১১ বছর যাবত জসিম তার স্ত্রী-সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার কালেরভিটা এলাকার শওকত হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
শনিবার সকালে ভান্নারা বেলতলা এলাকার আজম খানের পাঁচ তলা নির্মাণাধীন ভবনে কাজ করতে যান জসিম। সকাল ১০টার দিকে চারতলার ছাদে বারান্দায় সেন্টারিং খুলতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
