ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আরিফুল ইসলাম প্রিন্স। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নবাগত ইউএনও।
এর আগে গত বৃহস্পতিবার তিনি ঈশ্বরগঞ্জের নতুন ইউএনও হিসেবে যোগদান করেন। একই দিনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি নতুন ইউএনও হিসেবে মো. আরিফুল ইসলাম প্রিন্সকে দায়িত্বভার হস্তান্তর করেন।
মো.আরিফুল ইসলাম প্রিন্স ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জে যোগদানের পূর্বে তিনি নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্মস্থান বরগুনা জেলায়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, এ উপজেলা কে আরও সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা চাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই উপজেলার মানুষের পাশে থাকব। এজন্য সকল জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।'
