৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একাধিক সূত্রে জানা গেছে। মূলত দুই সিটির নির্বাচন ও রমজানকে সামনে রেখে এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ঈদুল ফিতর। এ অবস্থায় পরীক্ষা হতে পারে ২০ এপ্রিলের পর।
এর আগে ১৮ জানুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।' কিন্তু দুই সিটি কর্পোরেশনের নির্বাচন ও রমজান মাসের কারণে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষার তারিখ।
প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি পদের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৩৮ হাজার চাকরি প্রত্যাশী।
