ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩ হাজার ৬২৭ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নেন। শতকরা হিসেবে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চবির ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
পরিদর্শন শেষে চবি উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবু নাসের মোহাম্মদ ইসতিয়াক ও ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জব্বার, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ অন্যান্যরা।