যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক গাড়ি দুর্ঘটনায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশু ও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি হাসপাতালের জরুরি রুমে গাড়ির ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এনবিসি নিউজ।
হাসপাতালের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সন্ধ্যার দিকে টেক্সাসের রাজধানী অস্টিনের সেন্ট ডেভিড নর্থ অস্টিন মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি রুমে একটি গাড়ি ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই গাড়ির চালক নিহত হন।
এ সময় আহতরা হাসপাতালের জরুরী কক্ষ বিভাগের লবিতে ছিলেন। একজন শিশু এবং এক প্রাপ্তবয়স্ককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই আহত শিশু এবং একজন আহত প্রাপ্তবয়স্ককে ডেল চিলড্রেনস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির কর্মকর্তারা।
অস্টিনের পুলিশ বলছে যে, ‘প্রাথমিকভাবে তথ্য যাচাই-বাছাই করে দুর্ঘটনাটি চালকের ইচ্ছাকৃত কাজ বলে মনে হচ্ছে না, তবে বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে’।
আবুধাবিতে মন্দির উদ্বোধন করবেন মোদি
থমকে গেল গাজা যুদ্ধবিরতির আলোচনা