আজ শুরু হচ্ছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

শহর বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার উৎসবের পর্দা উঠছে।

আয়োজকরা জানান, চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরই মধ্যে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উৎসব লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচনপর্ব সম্পন্ন হয়েছে।

উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর জানান, ৪টি বিভাগে দেওয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। উৎসবে জুরি হিসেবে রয়েছে ভারত থেকে ধার্মেন্দার ডাঙ্গী, ড. আবিদ, নেপাল থেলে কেপি পাটক, শ্রীলঙ্কা থেকে রোদনি রাথিপানা, জার্মানি থেকে ইন্দো স্টারজ এবং বাংলাদেশ থেকে আশরাফ শিশির ও সাদিয়া খালিদ রীতি।

চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শুরু হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। প্রশিক্ষণ প্রদান করবেন নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুন দেও জোসি। বিকেল ৪টায় শুরু হবে চলচ্চিত্রের প্রদর্শনী এবং আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে বিকেল ৫টায়।

উদ্বোধনের পর থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রথম দিনের জন্য নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী।

উৎসবের দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। দুপুর ২টায় থাকবে ‘উইমেন ইন ফিল্ম’ শিরোনামে চলচ্চিত্র বিষয়ক মাস্টার ক্লাস। ক্লাস পরিচালনা করবেন ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি। এরপর ৩টায় শুরু হবে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা এবং বিকেল ৪টা থেকে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী, চলবে রাত ৯টা পর্যন্ত।

উৎসবের শেষ দিন (শনিবার) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ও পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দেখা যাবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দুপুর ২টায় চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ প্রদান করবেন নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুন দেও জোসি। বিকেল ৪টায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবে সমাপ্তির দিনে পুণ্ড্রনগর সম্মাননা পাবেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং নাট্যজন তৌফিক হাসান ময়না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত