২০২১ সালে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেসে এ বছরের আসরের আয়োজক হওয়ার প্রস্তাব পেশ করেই সফল হয় বাংলাদেশ। কমনওয়েলথভুক্ত ৭২ দেশের মধ্যে ৩২টি দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিবন্ধন করেছে।
আগামী ২৫-২৯ সেপ্টেম্বর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপ-দুই বিভাগে নয়টি ডিসিপ্লিনে খেলা হবে। সেগুলো হলো ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারার্ন এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র। কাতা ও কুমি- দুই কৌশলেই লড়বেন দেড় হাজার কারাতেকা।
এ উপলক্ষ্যে শনিবার মিরপুর শহিদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান বলেন, ‘আমরা চারটি দেশকে পরাজিত করে আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে খেলার আয়োজন করা। যাতে ভবিষ্যতে কারাতের আরও বড় আসর আমরা আয়োজন করতে পারি।’
কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই জানান, ‘কমওনয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের মতো আসর ঢাকায় হলে, এদেশের অর্থনীতিতেও তার সুপ্রভাব পড়বে।’
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, ‘২০১৫ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছিল বাংলাশে। দুই বছর পর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রুপা জিতেছিলাম আমরা। এবার আমাদের লক্ষ্য থাকবে স্বর্ণপদক জয়।’