আবারও বিচ্ছেদের পথে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ এএম

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করে সংসারী হন মাহিয়া মাহি। পাঁচ বছরের মাথায় হাঁটেন বিচ্ছেদের পথে। এর চার মাস পর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বেশ সুখে শান্তিতে সংসার করেন। সে ঘরে আসে এক ছেলেসন্তানও। এক ফেসবুক স্ট্যাটাসে মাহি জানিয়েছিলেন, ‘আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিতে। তোমার এই একটা লাইনের জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বৌয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ, ভালোবাসি তোমাকে।’

কিন্তু ‘মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে’ বলার এক বছর এবং বিয়ের তিন বছরের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দিলেন চিত্রনায়িকা। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার আভাস দিয়ে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে মাহি বলেন, ‘আমাদের দুজনের মধ্যে একটু সমস্যা আছে, তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

হঠাৎ কেন বিচ্ছেদের সিদ্ধান্ত, সে বিষয় তেমন স্পষ্ট না করলেও কেঁদে কেঁদে তিনি বলেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে, সেটিও দুজন মিলেই ঠিক করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত