তিউনিসিয়া উপকূলে নিহত অভিবাসীর অধিকাংশই বাংলাদেশি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

তিউনিসিয়া উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। শনিবার (১৭ ফেব্রুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসীর সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএম এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

এ ছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সাথে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা নিশ্চিতকরণ এবং মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি দলকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়া পাঠাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাস সংস্থার তথ্যমতে, বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ এবং নিখোঁজ হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত