এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস ২০২৪

এবার পদকই পেলেন না ইমরানুর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম

তাকে ঘিড়েই পদকের আশা ছিল বাংলাদেশের। গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানব হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ইমরানুর রহমান। রবিবার ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ফাইনালে উঠে ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে টানা দ্বিতীয় স্বর্ণ পদক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ২৯ বছরের স্প্রিন্টার। তবে স্বপ্ন ও বাস্তবের মেলবন্ধন ঘটাতে পারেননি যুক্তরাজ্য প্রবাসী ইমরান। ফাইনালে স্বর্ণপদক দূরে থাক কোনো পদকই পাননি তিনি। সাতজনের মধ্যে হয়েছেন চতুর্থ।

তার মুকুট ছিনিয়ে নিয়েছেন ওমানের স্প্রিন্টার আলি আনোয়ার আল বালুশি। চার নম্বর লেনে দৌঁড়ে তিনি স্বর্ণপদক নিশ্চিত করেন ৬.৫২ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে। জাপানের সুহেই তাদা ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। উত্তর কোরিয়ার জো কুম রিয়ং ব্রোঞ্জ জিতেছেন ৬.৬৬ সেকেন্ড সময় নিয়ে।

দুর্ভাগ্য ইমরানের। ৬.৬৭ সময় নিয়ে তাকে হতে হয়েছে চতুর্থ। গত বছর তিনি স্বর্ণ জিতেছিলেন ৬.৬৫ সেকেন্ড সময় নিয়ে। এবারের সেমিফাইনালে দ্বিতীয় হওয়ার সময় নিয়েছিলেন ৬.৬০ সেকেন্ড। ফাইনালে নিজের ওই টাইমিং ধরে রাখলে আজ ইতিহাস গড়ে ফেলতে পারতেন তিনি। সেটা হয়নি বলেই শূন্য হাতে ফিরতে হচ্ছে তাকে। তবে বাংলাদেশ একেবারে শূন্য হাতে ফিরছে না। রবিবার ৪০০ মিটার স্প্রিন্টে রৌপ্যপদক জিতেছেন জহির রায়হান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত