তেঁতুলিয়া জামে মসজিদ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে ‘তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামত উল্লাহ জামে মসজিদ’ অবস্থিত। স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেঁতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত।

মসজিদে প্রবেশের জন্য আছে ৭টি দরজা। পিলারের ওপর চুন-সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদের ছাদে ৬টি গম্বুজ এবং ২০টি মিনার রয়েছে। মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায়, ১২৭০ বঙ্গাব্দে জমিদার সালামত উল্লাহ খান কলকাতার সিন্দুরপট্টি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন।

মুসলিম স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মসজিদটির প্রতিষ্ঠাতা মৌলভি কাজী সালামত উল্লাহ খান বাহাদুর তেঁতুলিয়ার জমিদার ছিলেন। উনিশ শতকের মাঝামাঝি তিনি মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি। ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল স্থাপত্য অনুকরণ করে ১৮৫৮-৫৯ সালে নির্মিত হয়। দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরি বিভিন্ন স্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মুসলিম স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন মসজিদটি খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর সড়কের পূর্বপাশে অবস্থিত। মসজিদের পাশে রয়েছে একটি সুগভীর পুকুর। পুকুরের তলদেশ থেকে সিঁড়ি উঠে গেছে মসজিদ চত্বরে। মসজিদটিতে রয়েছে ৯ ফুট উচ্চতা ও ৪ ফুট প্রস্থ সাতটি দরজা। প্রতিটি দরজার ওপর বিভিন্ন রঙের কাচের ঘুলঘুলি। চুন-সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট ছয়টি বড় গম্বুজ এবং ৮ ফুট উচ্চতাবিশিষ্ট ১৪টি মিনার রয়েছে। চার কোণে রয়েছে ২৫ ফুট উচ্চতাবিশিষ্ট চারটি মিনার। মসজিদের ভেতরে পাঁচ সারিতে ৩২৫ এবং বাইরের চত্বরে ১৭৫ জন নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি একসময় সমতল থেকে বেশ উঁচুতে ছিল। বর্তমান অবস্থান সমতলভূমি বরাবর। মসজিদের সীমানা প্রাচীরের মধ্যে অনেক অজানা ব্যক্তির কবরের চিহ্ন থাকলেও সেগুলো অরক্ষিত। ১৬৫ বছরের পুরনো ঐতিহাসিক এ মসজিদটি আগ্রার তাজমহলের অপরূপ নির্মাণশৈলী সামনে রেখে নির্মিত হয়েছিল। প্রতœনিদর্শন হিসেবে মসজিদটি ১৯৮৭ সালে প্রতœতত্ত্ব অধিদপ্তর চিহ্নিত করে। অযতœ আর অবহেলায় ঐতিহ্যবাহী এ মসজিদটির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। মেঝে ও পশ্চিম পাশের দেয়ালের ওপরের অংশে দেখা দিয়েছে ফাটল। মসজিদের আটটি ছোট মিনার ভেঙে পড়েছে, বাকিগুলোও ভেঙে পড়ার উপক্রম। এলাকাবাসীর দাবি দ্রুত মসজিদটির সংস্কার। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য যেমন সংরক্ষণ হবে, তেমনি গড়ে উঠবে পর্যটন। সাতক্ষীরা জেলা শহর থেকে তেঁতুলিয়া জামে মসজিদের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। বাস, রিকশা, ভ্যানে চড়ে তালা-পাইকগাছা সড়ক ধরে তেঁতুলিয়া মসজিদ পৌঁছানো যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত