হালান্ডের রেকর্ডে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানসিটি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

প্রিমিয়ার লিগের ম্যাচে শেষবার ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে হেরেছিল এই ব্রেন্টফোর্ডের কাছে। সেটাও ২০২২ সালের কথা। মাঝে অনেকটা দিন পার হয়েছে। কিন্তু সিটিজেনরা তাদের মাঠ ইত্তিহাদে হারানো হয়নি আর কারোরই। লম্বা বিরতির পর মঙ্গলবার আবার সেই ব্রেন্টফোর্ডই ভয় ধরিয়ে দিয়েছিল তাদের। সফরকারীদের একের পর এক আক্রমণে কিছুটা হলেও নাজুক ছিল সিটি।

কিন্তু শেষ পর্যন্ত এসবের কিছুই হয়নি। গোলমেশিন আর্লিং হালান্ড উদ্ধার করলেন পেপ গার্দিওলার শিষ্যদের। ৭১ মিনিটে তার ওই এক গোলই সিটিকে দিয়েছে ৩ পয়েন্ট। এই গোলের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছেন। সিটিও জমিয়ে তুলেছে এবারের মৌসুমের শিরোপার লড়াই। 

গত বছরের ২৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে সেই ম্যাচ পিছিয়ে গেল দুই মাস। চলতি সপ্তাহে সিটিকে দুটো ম্যাচ খেলতে হচ্ছে, তাদের ওপর যে ঝড় বইছে, সেটার কিঞ্চিত আভাস দেখা গেল এই ম্যাচে। 

হালান্ড, জুলিয়ান আলভারেজ, বার্নাদো সিলভাদের কেউই পারেননি গোলের প্রত্যাশা পূরণ করতে। অথচ প্রথম ৪৫ মিনিটে ব্রেন্টফোর্ডের গোলে ১৭টি শট নিয়েছিল সিটি। ম্যাচের ৭১ মিনিটে অবশেষে ভাঙ্গে ডেডলক। আলভারেজের পাস পেয়ে অনেকটা পথ দৌড়েছিলেন হালান্ড। এরপর বক্সের বাইরে নেওয়া জোরালো শটে পরাস্ত করেন ব্রেন্টফোর্ড কিপারকে। এটাই শেষপর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য। 

চেলসির বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল সিটি। এই ম্যাচ জিতে সেটা আপাতত বন্ধ হয়েছে। এ জয়ের পর ২৫ ম্যাচে সিটির পয়েন্ট ৫৬। তিনে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৫৫ আর শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৫৭ পয়েন্ট। তালিকার শীর্ষ তিন দলের মধ্যে এখন শুধু ১ পয়েন্ট করে ব্যবধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত