গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করল ডব্লিউএফপি

  • সহিংসতা-বিশৃঙ্খলার কারণে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ বন্ধ করে দিয়েছে ডব্লিউএফপি
  • সংস্থাটি আরও জানিয়েছে যে গাজাতে ত্রাণ সরবরাহ করতে বাধা দিচ্ছে ইসরায়েল
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ওই এলাকায় ইসরায়েলি হামলার পাশাপাশি শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে জীবন রক্ষাকারী খাদ্য সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, এলাকাটিতে ইসরায়েলি সহিংসতা এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণে তাদের সহায়তা কনভয়গুলো সম্পূর্ণরূপে বিপর্যয়ের মুখে পড়েছে।

এটি খুব কঠিন একটি সিদ্ধান্ত বলে জানিয়েছে খাদ্য সহায়তা সংস্থাটি। কিন্তু তাদের সদস্যরা ব্যাপক বন্দুকযুদ্ধ এবং লুটপাটের শিকার হয়েছে বলছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, গত তিন সপ্তাহ আগে তাদের একটি ত্রাণবাহী ট্রাক হামলার শিকার হওয়ার পর প্রথমবারের মত উত্তর গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করে তারা। কিন্তু চলতি সপ্তাহে পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হলে ক্ষুধার্ত মানুষেরা ট্রাকের ওপর হামলা চালায়। সে সময় একজন ড্রাইভার আহত ও হয়।

সংস্থাটি আরও জানিয়েছে যে গাজাতে ত্রাণ সরবরাহ করতে বাধা দিচ্ছে ইসরায়েল। মানবিক সহায়তার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মাত্র একটি ক্রসিং খোলা রেখেছে ইসরায়েল। যার ফলে পুরো উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ সম্ভব হচ্ছে না।

তবে সংস্থাটি জানিয়েছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করার জন্য কাজ করছে পাশাপাশি তাদের কর্মীদের জন্য আরও নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে। এছাড়া এলাকাটিতে আরও বেশি পরিমাণ ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েল থেকে সরাসরি উত্তর গাজায় ক্রসিং পয়েন্ট খোলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত