গোপনে প্রেমিকাকে বিয়ে করলেন সত্যজিৎ রায়ের নাতি

  • বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আইনি বিয়ে সেরেছেন সৌরদীপ
  • রেডিও চ্যানেলে ইনটার্নশিপ করতে গিয়ে শ্রীজাতার সঙ্গে পরিচয়, প্রেম
  • টলিউড ইন্ডাস্ট্রির কেউই নিমন্ত্রণ পাননি আয়োজনে
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

রায় বাড়িতে সুখবর। কিংবদন্তি সত্যজিৎ রায়ের পরিবারে এসেছে নতুন সদস্য। চুপিসারে বিয়ে করে ফেললেন সত্যজিৎয়ের নাতি সৌরদীপ।

সূত্র জানিয়েছে, সত্যজিতের বিশপ লেফ্রয় রোডের বাড়িতেই বিয়ে সেরেছেন সৌরদীপ। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা শ্রীজাতা। একটি রেডিও চ্যানেলে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর প্রেম। ১২ বছরের প্রেম চালিয়ে এবার সংসার শুরু করলেন তারা।

পরিচালক সন্দীপ ও ললিতা রায়ের ছেলে সৌরদীপ বরাবরই তার বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। প্রেমিকার সঙ্গে নিজের বাড়িতেই আইনি বিয়ে সেরেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের নিকটাত্মীয়রাই। ইন্ডাস্ট্রির কেউই নিমন্ত্রণ পাননি সেই আয়োজনে।

তবে আগামী ১ মার্চ কলকাতার টলিক্লাবে রিসেপশন হবে সৌরদীপ-শ্রীজাতার। সেখানে দেখা যেতে পারে ইন্ডাস্ট্রির লোকজনকে। পরিচালক সন্দীপ রায় এই বিয়ের সত্যতা স্বীকার করেছেন।

সৌরদীপ জানান, এক রেডিও চ্যানেলে ইনটার্নশিপ করতে গিয়েই আলাপ তাদের। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। পড়াশোনা শেষ করে হিউম্যান রিসোর্স সংস্থা খুলেছেন সৌরদীপ। তাহলে বিয়ের কথা লুকালেন কেন?

সৌরদীপ বলেন, আমাদের শোরগোল ভালো লাগে না। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চেয়েছি। তাই দুই পরিবারের উপস্থিতিতে বিয়েটা সেরেছি।

সত্যজিৎ রায়ের ফটিক চাঁদ অবলম্বনে তার নিজের পরিচালনায় আত্মপ্রকাশ হয় সৌরদীপ। সৌরদীপের ‘ফটিক চাঁদ’ ছবিটি ভ্যাঙ্কুভারে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার পায়। এছাড়া বাবা সন্দীপ রায়ের ‘ও এল ডোরাডো’, ‘বাদশাহী আংটি’, ‘চার’,  ছবিতে সহকারীর ভূমিকায় দেখা গেছে তাকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত