মদ্যপ অবস্থায় গ্রেপ্তারের পর যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনকে বহিষ্কার করেছে দল। যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরও।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগী) শামীম আল সাইফুল সোহাগ। তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
তবে গতকাল বুধবার রাত থেকে যুবলীগের এই বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এদিকে জাহিদ হোসেন মিলনকে বহিষ্কারের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না জেলা যুবলীগের
সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু কোনো মন্তব্য করতে রাজি হননি।
জাহিদ হোসেন মিলনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনসহ চারজনকে যশোর শহরের পালবাড়ি মোড়ে তার ব্যক্তিগত কার্যালয় থেকে ‘মদ্যপ’ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অপর তিনজন হলেন শহরের টালিখোলা এলাকার শেখ দস্তগীর হোসেন (৪৪), কদমতলা এলাকার শফিকুল ইসলাম (৩৭) ও টালিখোলা এলাকার মারুফুজ্জামান (৩৯)।
