মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তবে ক্লাব ছাড়ার আগে তার সামনে ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও এফএ কাপের সঙ্গে ইউরোপা লিগ জয়ের হাতছানি।
সুইজারল্যান্ডের নিয়নে আজ ইউরোপা লিগের শেষ ষোলোর ড্রয়ে সহজ প্রতিপক্ষই পেয়েছে লিভারপুল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ স্পার্তা প্রাহা। শেষ ষোলোতে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইতালির দল এসি মিলানও। তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রেরই আরেক ক্লাব স্লাভিয়া প্রাহা।
চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আজারবাইজানের ক্লাব কারাবাখ এফকে। আজারবাইজান প্রিমিয়ার লিগে শীর্ষে আছে কারাবাখ।
এছাড়া শেষ ষোলোতে মার্শেই খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। রোমা খেলবে ব্রাইটনের বিপক্ষে। বাকি ম্যাচগুলো হলো- বেনফিকা-রেঞ্জার্স, ফ্রেইবুর্গ-ওয়েস্টহ্যাম, লিসবন-আতালান্তা।
শেষ ষোলোর প্রথম লেগ ৭ মার্চ, দ্বিতীয় লেগ ১৪ মার্চ।
