ময়মনসিংহে কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ ঘটনায় একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৫ ফেব্রয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তার কোলে থাকা শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যা করা নারীর পরনে ছিল কালো বোরকা। তার নাম তানিয়া আক্তার (২১) ও তার মেয়ের নাম রাইসা আক্তার (২)। তানিয়ার স্বামীর নাম মো. মোস্তাকিম। তাদের বাড়ি ময়মনসিংহ নগরের বাদেকল্পা এলাকায়। তানিয়ার বাবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মালিডাঙ্গা গ্রামে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারী ও তার কোলে থাকা এক শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান তারা। এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
