চিকিৎসক স্ত্রীর গায়ে আগুন দিলেন সাবেক স্বামী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

নরসিংদীর রায়পুরায় চিকিৎসক স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলেন সাবেক স্বামী। স্ত্রীকে আগুন দেওয়ার পর নিজের শরীরে আগুন লাগিয়ে দেন তিনি। এতে স্বামী-স্ত্রী দুজন দগ্ধ হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এঘটনা ঘটে।

আগুনে দগ্ধ চিকিৎসক মোছা. লতা আক্তার (২৭) নরসিংদীর রায়পুরার মরজাল গ্রামের মফিজুর রহমানের মেয়ে। তিনি নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। আর দগ্ধ তার সাবেক স্বামী মো. খলিলুর রহমান। তার বাড়ি গাজীপুর।

লতার খালু মো. ফরহাদ হোসেন জানান, লতা বেশ কিছুদিন আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বের হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। দুই বছর পূর্বে নিজের পছন্দে মো. খলিলুর রহমান নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে জানতে পারে ওই ছেলে একজন ড্রাইভার। পরে লতা আক্তার তার স্বামীকে ডিভোর্স দেয়। এটা মানতে পারেনি স্বামী খলিলুর রহমান। এরই জের ধরে গতকাল রবিবার মরজাল লতার গ্রামের বাড়ি আসে খলিলুর। ওই সময় একটি রুমে দরজা লাগিয়ে স্বামী-স্ত্রী কথা বলছিল। হঠাৎ খলিলুর লতার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে তার নিজের শরীরেও আগুন লাগিয়ে দেয়। ওই সময় তাদের চিৎকারে স্বজন ও আশপাশের লোকজন এসে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, প্রেম করে তারা দুজন বিয়ে করে। পরে ডিভোর্স হয়। এটা ছেলেটা মেনে নিতে পারেনি। এর মধ্যেই দুজন আগুনে দগ্ধ হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত