৯৯৯-এ ফোনে গহীন বনে পথ হারিয়ে যাওয়া ৩১ পর্যটক উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম

পথ ভুলে সুন্দরবনের গহীন হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। হারিয়ে যাওয়ার পর জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে। এ সময় ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন ২ পর্যটক।

আজ সোমবার বিকেলে উদ্ধার হওয়া এ পর্যটকদের সন্ধ্যায় বাড়িতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

এর আগে সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যান ৩১ পর্যটক। এরপর তারা করমজল পর্যটন কেন্দ্রের গন্ডি পেরিয়ে কৌতুহলী ও অতি উৎসাহী হয়ে বনের গহীনে পথ চলতে থাকেন। বনে চলতে চলতে দুই কিলোমিটার ভেতরে পথ হারিয়ে ফেলেন তারা। পরে ৯৯৯-এ ফোন পেয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধার করেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, চিতলমারী থেকে ৩১ জনের একটি দল সোমবার সকালে সুন্দরবনের করমজল ভ্রমণে যান। বনে প্রবেশের পর তারা পথ হারিয়ে ফেলেন। তখন দলের মধ্যে থাকা ফেরদৌস নামের এক কিশোর ৯৯৯-এ কল দেয়। পরে তাদের উদ্ধার করেছে পুলিশ।

কিশোর মো. ফেরদৌস জানায়, আমরা সরকারের ৯৯৯-এর সেবা ও পুলিশকে ধন্যবাদ জানাই। তা না হলে আমাদের কপালে কি ঘটতে তা বলতে পারি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত