সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ ও বিভিন্ন স্টেশন থেকে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব চলাকালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সুন্দরবনের আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা।
শুধু পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তাই নয়, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায়ও নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী শিকার ঠেকাতে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড।
এদিকে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে দুটি বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে সংস্থাটি। ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের এসব অভিযানে এখন পর্যন্ত অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
রাস উৎসবে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে সহায়তা পেতে কোস্ট গার্ডের ১৬১১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।