উৎসবমুখর পরিবেশে দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) নতুন পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম দুই ঘণ্টায় ১৯২টি ভোট পড়েছে। ২০২৪-২৬ মেয়াদের জন্য এই ভোট হচ্ছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ ভোটগ্রহণ শুরু হয়।
এবারের নির্বাচনে ৪৭৬ জন সদস্য ভোট দেবেন। ঢাকার ২৯টি পরিচালক পদের বিপরীতে ৮৬ জন এবং চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে সাতজন প্রার্থী রয়েছেন।
নির্বাচনে লড়াই করছে চারটি প্যানেল। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ‘নবজাগরণ’ প্যানেল এবং সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয় ধারা’ প্যানেল নির্বাচনের অংশ নিচ্ছে।
রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার গণমাধ্যমকে বলেন, নির্বাচন যথাসময়ে শুরু হয়েছে। ভোটগ্রহণ এলাকার পুরো রুম সিসিটিভির আওতায় আছে। নির্বাচন স্বচ্ছ হচ্ছে। আমরা আশা করছি বিকেল ৪টা পর্যন্ত সুন্দরভাবে ভোটগ্রহণ করতে পারব।
