দাঁত নিয়ে সমস্যায় ভুগছেন পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে সময়মতো চিকিৎসাও পাচ্ছেন না তিনি। রবিবার তার দাঁত পরীক্ষার জন্য কারাগারে ডেন্টিস্ট আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ডেন্টিস্ট হাজির হননি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে ডেন্টিস্ট পাবেন ইমরান।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির একটি অ্যাকাউন্টিবিলিটি আদালতে শুনানি চলাকালে বিচারক নাসির জাভেদ রানা সাবেক প্রধানমন্ত্রী দাঁত পরীক্ষা করেছেন কিনা জানতে চাইলে তিনি এ কথা জানান।
এরপর আদালত তার স্বাস্থ্য ও দাঁত পরীক্ষার জন্য একজন জেনারেল ফিজিশিয়ান ও ডেন্টিস্ট চেয়ে ইমরানের আবেদন মঞ্জুর করেন।
এদিন আদিয়ালা কারাগারে শুনানি চলাকালে ইমরানের স্ত্রী বুশরা বিবিও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অভিযোগপত্র পড়ে শোনান বিচারক। বলেন, এ মামলায় ৫৮ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।
এর আগে আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্টের নামে জমি অধিগ্রহণের অভিযোগে ইমরান, তার স্ত্রী বুশরা বিবিসহ মোট আটজনের বিরুদ্ধে কথিত প্রমাণ উপস্থাপন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। ইমরান এবং তার স্ত্রী সে সময় এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
যদিও এদিন ইমরান বলেন, তিনি এই মামলায় তাড়াহুড়া চান না। ৮ ফেব্রুয়ারির আগে এনএবি তাড়াহুড়া করেছে। পরে পিটিআইয়ের আইনজীবী বলেন, অভিযোগ গঠনের সাত দিন আগে রেফারেন্সের প্রতিলিপি সরবরাহ করতে হবে।
রমজান মাসে গাজায় যুদ্ধ চালাবে না ইসরায়েল