আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ওয়াহিদুজ্জামান-লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বাধীন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৯টি পরিচালক পদের বিপরীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ ২৫টি পদে জয় পেয়েছে।
এই প্যানেলের নেতৃত্বে আছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামান। তিনি সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়েছেন। এ ছাড়া হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বাধীন জয় ধারা প্যানেলের দুজন প্রার্থী জয়ী হয়েছেন। আর ডেভেলপারস ফোরাম প্যানেলের একজন জয়ী হয়েছেন। অন্যদিকে নব জাগরণ প্যানেলের কেউ জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থীরাও কেউ জয় পাননি।
রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। ছয় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে ভোট চলে। এ সময় মোট ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দেন।
