সিলেট নগরীর শাহজালাল উপশহরের একটি বাসা থেকে ফ্রান্স প্রবাসীর স্ত্রীর পচা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপশহরের ই ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম সুমাইয়া জান্নাত সুমি (২২)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের শাহ মইনুর রহমানের মেয়ে। সুমির স্বামী ফ্রান্স প্রবাসী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকারকে আটক করা হয়েছে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ নিহত সুমির স্বজনদের বরাত দিয়ে জানান, কিছুদিন আগে উপশহরের ওই বাসার তৃতীয় তলার একটি ইউনিট ভাড়া নেন সুমি। তার স্বামী প্রবাসী হওয়ায় তিনি প্রায় সময় বাসায় একা থাকতেন। মাঝে মধ্যে তার ছোট এক ভাই ও বোন এসে তার সঙ্গে থাকতো। কয়েকদিন ধরে তার বাসার দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। মঙ্গলবার রাতে সুমির ঘর থেকে পচা গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ভোর রাত ৪টার দিকে সুমির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি বলেন, লাশটি পচে গলে গেছে। আঘাতের কোনো চিহ্ন আছে কি-না তা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
দিনভর দুর্ভোগ শেষে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার