আগুনের খবরে রেললাইনে লাফ, আরেক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১২

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

ভারতের ঝাড়খণ্ডের কালাজারিয়া রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্টেশনটিতে ট্রেনের নিচে কাটা পড়ে বহু মানুষ আহত ও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, একটি ট্রেনে আগুন লাগার খবর শোনার পর রেললাইনে লাফিয়ে পড়েন যাত্রীরা। তারা দৌড়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন আরেকটি ট্রেন তাদের চাপা দেয়। এ ঘটনায় ঠিক কতজন মানুষ হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। আহতদের দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে ঘটনাস্থলে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও বাস পাঠানো হয়েছে। যদিও আলো না থাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে স্থানীয় মিডিয়ার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতরা ভাগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত