বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কলম্বো থেকে এক ফ্লাইটে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানদের বিমান। সেখান থেকে কিছু সময়ের জন্য হোটেলে উঠেছিলেন তারা।
বিকেলের ফ্লাইটেই শ্রীলঙ্কা দল সিলেট চলে গেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ ধাপে সব মিলিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার মিলিয়ে ২৭ জন এসেছেন।
এই সফরে দুজন অধিনায়ককে সঙ্গে নিয়ে এসেছে শ্রীলঙ্কা। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা। শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব নেবেন। নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ খেলতে পারবেন না হাসারাঙ্গা।
বাংলাদেশ দলেরও কিছু খেলোয়াড় আজ সিলেটে যাবেন। রাতে আবার নাজমুল হোসেন শান্তদের নতুন স্পনসরশিপ রবির লোগোবেষ্টিত জার্সি উন্মোচন অনুষ্ঠান রয়েছে। কাল বিপিএলের ফাইনালে যাঁরা খেলবেন, তাঁরা ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।
সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। তার পর ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সিলেটে ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
