কুমিল্লা সিটি করপোরেশ নির্বাচনের আগে আদালতের ওয়ারেন্ট ছাড়া কাউকে আটক না করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন আনিছুর রহমান। তিনি বলেন, এই সময়ে কোনো প্রার্থী বা তার সমর্থককে হয়রানি বা আদালতের ওয়ারেন্ট ছাড়া আটক করা যাবে না।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসের সেমিনার কক্ষে সিটি নির্বাচনের মেয়র পদে উপনির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষ সাংবাদিক এ কথা বলেন ইসি আনিসুর রহমান। সভায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়া চার প্রার্থীও উপস্থিত ছিলেন।
নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে না জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনও সুষ্ঠু হবে। কোনো অপশক্তিকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। সরকারিভাবে কোনো সিসি ক্যামেরা থাকবে না। তবে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা আছে সেগুলো বেসরকারিভাবে থাকবে।
ইভিএম প্রসঙ্গে ইসি আনিসুর রহমান বলেন, সত্য বলতে ইভিএমে ভোট চুরির সুযোগ নেই। ইভিএম নিয়ে একটি রাজনৈতিক দল মিথ্যাচার করছে।
ভোটের আগের দিন থেকে পরদিন রাত ৮টায় পর্যন্ত সিটি এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকা, এখানে তিনি থাকবেন। এখানকার ভোটার তিনি এটাই তো স্বাভাবিক।
সভা সূত্রে জানা গেছে, সভায় প্রার্থীরা নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সামনে বিভিন্ন অভিযোগ করেন। টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু বলেন, ভোটারদের একটাই শঙ্কা, তারা নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না। আপনারা পর্যাপ্ত পুলিশ দেন কেন্দ্রগুলোতে, তাহলে ভোটাররা আসতে পারবে।
বাস প্রতীকের ডা. তাহসিন বাহার বলেন, নির্বাচন সকলে মিলে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। কুমিল্লা শান্তির শহর, কেউ অভিযোগ করলে তার প্রমাণ রাখতে হবে। ভুল ও মিথ্যা অভিযোগ করে অন্য প্রার্থীকে হয়রানি করা হচ্ছে।
ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার বলেন, নির্বাচন পরিচালনার জন্য একজন নির্বাচন কমিশনারকে আমরা এখানে চাই। হাতি প্রতীকের নূর-উর-রহমান তানিম বলেন, আমার পোস্টার ছেঁড়া হচ্ছে প্রকাশ্যে, এগুলো বন্ধ করতে হবে। এ ছাড়া কেন্দ্রগুলো যদি সিসি ক্যামেরার আওতায় আনা যায়, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সকলে সহমর্মিতা ও সহনশীলতা বজায় রেখে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করুন। সবাই সবার জায়গায় ঠিক থাকবেন। সবাই আচরণবিধিমালাগুলো মেনে চলবেন।
২০২২ সালের কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনে তারিখ ঘোষণা করে। আগামী ৯ মার্চ ১০৫টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
