মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে রবিশস্য, গবাদি পশুসহ মালামাল পুড়ে ১৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের রফিক হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবচর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ওই বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রফিক হাওলাদারের বসতঘরসহ ২টি ঘর, আব্দুল হাওলাদারের বসতঘরসহ ২টি ঘর, জালাল হাওলাদারের বসতঘরসহ ২টি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা ৬৫ মণ রবিশস্য, ৪ টি ছাগলসহ মূল্যবান মালামাল পুড়ে ১৫ লাখের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
সোহাগ নামে এক কলেজ শিক্ষার্থী জানান, দুপুরে আগুন লাগার কথা শুনে সেখানে যাই। আগুন লেগে বাড়ির ঘর, ছাগল, শস্য পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, আগুনে ৩টি বসতঘর ও কয়েকটি রান্না ঘর পুড়ে গেছে। ৪ টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। আমাদের ধারণা ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
