পেট্রোল-ডিজেলের দাম কমবে চলতি মাসে

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৭:২৬ পিএম

চলতি মাসে দেশে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

নতুন ফর্মুলায় শিগগিরই দেশে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম ঘোষণা করা হবে। চলতি মাসেই গ্রাহক পর্যায়ে দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা চাচ্ছি, প্রতি মাসে প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট হোক। আশা করছি, এই মাসে যদি প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট শুরু করতে পারি, এতে জ্বালানি তেলের দাম কিছুটা সাশ্রয় হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সামনেবার যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে... তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে। সো, এটার একটা ভালো দিক আছে।’

এর আগে গত ১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করবে সরকার। প্রাথমিকভাবে চলতি মার্চ থেকেই এ পদ্ধতি কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত