সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী সড়কে বরযাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাতে গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রাহুল সরকার(১৫) হবিগঞ্জ জেলার ভূষণ সরকারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলায় যাচ্ছিল বাসটি। পথিমধ্যে শান্তিগঞ্জে গাগলী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যাত্রীসহ খাদের কিনারে পড়ে যায়। এসময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রায় ১৫ জন।
আহত অবস্থায় রাহুল সরকার কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত বাকিরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, রাতে দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের এক কিশোর মারা যায়। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন দেশ রূপান্তরকে জানান, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গুরুত্বর আহত হয়ে একজন মারা গেছেন।
