বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনাহারে মারা যাচ্ছে উত্তর গাজার শিশুরা

  • কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ১৫ শিশু মারা গেছে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
  • জাতিসংঘ গত সপ্তাহে সতর্ক করেছিল যে গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম

অবরুদ্ধ ফিলিস্তিনের ভূখণ্ড গাজার উত্তরে খাবারের চরম সংকটে অনাহারে মারা যাচ্ছে শিশুরা, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গাজার খাদ্য সংকট ও এর গুরুতর ফলাফল তুলে ধরেছেন তিনি।

পোস্টে তিনি জানান, খাবারের চরম সংকটে উত্তর গাজায় ইতিমধ্যে ১০জন শিশুর মৃত্যু হয়েছে এবং চরম অপুষ্টি মধ্যে রয়েছে অনেক শিশু।

তিনি আরও বলেন, আল-আওদা হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ, কারণ হাসপাতালটির ভবন ধ্বংস হয়ে গেছে’। এই অঞ্চলে আনুমানিক তিন লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটের মধ্যে বসবাস করছে।

এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে যে কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ১৫ শিশু মারা গেছে।

অন্যদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা সোমবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি হাসপাতালে রবিবার অনাহারে ও অপুষ্টিতে ষোলতম শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে জাতিসংঘ গত সপ্তাহে সতর্ক করেছিল যে গাজায় দুর্ভিক্ষ "প্রায় অনিবার্য"।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, ‘এই মর্মান্তিক এবং ভয়াবহ মৃত্যু মানবসৃষ্ট, অনুমানযোগ্য এবং সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য‘।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত