তালতলীতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম

বরগুনার তালতলীতে নিখোঁজের এক দিন পরে পুকুর থেকে মো.মুসা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটআমখোলা এলাকায় বাড়ির পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুসা উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোটআমখোলা এলাকার সোহাগের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু মো. মুসা। দিনভর তার স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে ওই দিন রাত সাড়ে দশটার দিকে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির সন্ধান না পেয়ে রাত একটার অভিযান সমাপ্ত করে চলে যায়। বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়ির লোকেরা।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল তাই তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনোভাবে যদি মৃত্যু হয়ে থাকে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত