বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির চতুর্থ ওভারের ঘটনা। বিনুরা ফার্নান্দোর শর্ট লেন্থের বল খেলতে গিয়ে কট বিহাউন্ড হলেন সৌম্য। তবে সৌম্য নিলেন রিভিউ। রিভিউতে থার্ড আম্পায়ার রায় দিলেন সৌম্যর পক্ষে। সৌম্য বেঁচে গেলেও লঙ্কান ক্রিকেটাররা নাখোশ হয়ে ওঠেন।
রিভিউতে দেখা যায় বিনুরার প্রথম ডেলিভারিটি সৌম্যের ব্যাট পেরিয়ে যাবার পরের ফ্রেমে আল্ট্রা এজে স্পাইক ধরা পড়ে। মাঠে থাকা স্ক্রিনে দেখা গেছে স্নিকোমিটারে স্পাইক দেখা গেছে। একই জিনিস দেখে হাটা শুরু করেছিলেন সৌম্য সরকারও। তবে আম্পায়ারের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সৌম্যর পক্ষেই আসে।
ম্যাচ শেষে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, বল আমার ব্যাট লাগেনি। আম্পায়ার আউট দেওয়ার পর আমি সরাসরি রিভিউ নিয়েছি। হয়তোবা কোনো একটা শব্দ এসেছিল, আমার চেইন থেকে হতে পারে কিংবা হেলমেট থেকে হতে পারে। আত্মবিশ্বাসী থাকার কারণেই লিটনের কাছে জিজ্ঞাসা না করেই রিভিউ নেওয়া।’
ইনিংসের শুরুটা দারুণ করলেও এই বিতর্কিত সিদ্ধান্তের পর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সৌম্য। সবমিলিয়ে ২২ বলে ২৬ রান করেছেন এই ওপেনার।
অবশ্য বাংলাদেশ ম্যাচটি জিতেছে ১১ বল হাতে রেখে, ৮ উইকেটে।
