ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজারের কাছে একটি মিনি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করতে চাইলে মিনি ট্রাকটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মিনি ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাক থেকে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করা হয়। প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও গাড়িসহ এক চোরকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ভোররাতে ধাওয়া করার সময় ইট পাথর নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে চোরের চক্র। চোরদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।
জানা গেছে, চোর চক্রের গাড়ি প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে তারাকান্দা থানার বিসকা রেলক্রসিং এর কাছে ট্রাক রেখে ৭/৮ জন চোর পালানো শুরু করে। এসময় শাহ আলম (৩০) নামের এক চোরকে আটক করে পুলিশ। শাহ আলম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ঝুমকাই ব্রাহ্মনখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ইট-পাথর নিক্ষেপের ফলে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটির সামনের কাচঁ ও অপরটির লাইট ভেঙে যায়। এ ঘটনায় পাথরের আঘাতে পুলিশের গাড়ির ড্রাইভার রিপন সরকার ও কনস্টেবল নাহিদ হাসান আহত হন।
পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চারটি গরু ও ১০ হাজার টাকা মূল্যের একটি ছাগল উদ্ধার করে ট্রাকসহ ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এস আই আক্তারুজ্জামান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল, একটি মিনিট্রাকসহ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
