আগুনে পুড়ে যাওয়া চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে থাকা চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইছানগর এলাকায় আগুন লাগা চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফায়ারের ডিজি বলেন, আগুন লাগা গুদামটি ১২০ মিটার লম্বা। সেখানে থাকা এক লাখ টনেরও বেশি চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে। আর ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা বের করতে পাঁচ সদস্যের কমিটি কাজ করছে।
তিনি বলেন, সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এখনো হালকা আগুন দেখা যাচ্ছে।
গুদামের ভেতরে থাকা কাঁচামালগুলো দাহ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এ অগ্নিকাণ্ডে বাজারে চিনির সরবরাহ ও দামে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা।
এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আকতার হাসান বলেন,অগ্নিকাণ্ডের ঘটনায় রমজানে মিল থেকে চিনি সরবরাহে কোনো প্রভাব পড়বে না এবং শনিবার থেকে পুরোদমে পরিশোধিত চিনি বাজারে যাবে। আর আগুন থেকে যে চিনি রক্ষা পেয়েছে তা বিএসটিআইসহ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
গত সোমবার বিকেল পৌণে ৪টায় কর্ণফুলী নদীর পারে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। সোমবার রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও পুরোপুরি নেভানো যায়নি।
সিলগালা ডায়াগনস্টিক সেন্টারে খতনা! শিশুর অবস্থা সংকটাপন্ন