যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রঙ করা ককশিট কুড়িয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাঈদের থাপ্পরে জুনিয়র শিক্ষার্থী সুমন কুমার মন্ডলের কান ফাটানোর ঘটনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীর সহপাঠীরা। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১০ টায় ভুক্তভোগীর সহপাঠীরা বিভিন্ন প্লাকার্ড হাতে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ভুক্তভোগী সুমনের চিকিৎসার সকল খরচ বহন করা, দুই কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্বক কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং অভিযুক্ত আকিব ইবনে সাঈদকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ছোট একটি ঘটনায় আমাদের সহপাঠীর কান ফাটিয়ে দিয়ে তাকে আবার চোর অপবাদ দেওয়া হয়েছে। এটা আমরা কোনভাবেই মানতে পারি না। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের একজন নেতার চরিত্র কখনো এমন হতে পারে না। তিনি যা করেছেন তা সন্ত্রাসী কার্যক্রমের পর্যায়ে পড়ে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে। নয়তো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তারা 'আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, অভিযুক্ত আকিবের বহিষ্কার চাই, 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন বলেন, আমরা ভুক্তভোগীর থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার তদন্ত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
