রমজানকে ঘিরে ছাত্রলীগের ৮ নির্দেশনা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৫৭ পিএম

রমজানে অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরি বিতরণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ।

সোমবার (১১ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রমজান মাসকে ঘিরে আট নির্দেশনা দেওয়া হয়।

১ . শিক্ষার্থী, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরি বিতরণ।

২. বিনামূল্যে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারপ্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া।

৪. কৃষিজীবী ও শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগিতা করা।

৫. রমজান মাসে স্বেচ্ছা রক্তদান কমে যায়, তাই প্রয়োজনসাপেক্ষে রক্তদান করা।

৬. শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।

৭. সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী ও স্বজনের প্রয়োজনে পাশে দাঁড়ানো।

৮. এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সামাজিক কর্মকাণ্ড প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, পৌর, কলেজ ও অন্যান্য ইউনিটকে পরিচালনার নির্দেশ দেয়া হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগেও এসব কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত