পরাজিত দুই প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাতে যান ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।
প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোমবার নগরীর কলেজ রোড এলাকায় এহতেশামুল আলমের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন টিটু।
নবনির্বাচিত সিটি মেয়রের এমন কাজে কিছুটা অবাক হয়ে বিভেদ নিরসনের কথা জানিয়েছে এহতেশামুল আলম বলেন, রোজার পর আমরা ঐক্যবদ্ধ হয়ে দল ও নগরীর উন্নয়নের কাজ করব।
এছাড়াও নির্বাচনে অপর পরাজিত প্রার্থী ময়মনসিংহ সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু সাথেও দেখা করেন নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু। এ সময় তারা মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, দলকে সুসংগঠিত রাখতে ঐক্যের বিকল্প নেই। নির্বাচনে পাস ফেল থাকবেই। এখন নির্বাচন শেষ, আমরা সকল বিবেধ ভুলে একসাথে মিলে নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্তসহ পরিকল্পিত ও উন্নত সমৃদ্ধ নগরী গড়ে তুলব। পরাজিত দুই প্রার্থীও কাছে সহযোগিতা চেয়েছি। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। পাঁচজনের মধ্যে চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে ইকরামুল হক টিটু এক লাখেরও বেশি ভোটে জয়ী হন।
