খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন

মোল্লা খায়রুল ইসলাম পরিষদ পূর্ণ প্যানেলের জয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

খুলনা জেলা ক্রীড়া সংস্থার (কেডিএস) নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত মোল্লা খায়রুল ইসলাম পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সময় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ২২২ ভোটারের মধ্যে ২১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মোল্লা খায়রুল ইসলাম ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট। এছাড়া সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের সহসভাপতি প্রার্থী এস এম মোয়াজ্জেম রশিদী দোজা ১৪০ ভোট, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ১৩৭ ভোট, শাহ আসিফ হোসেন (রিংকু) ১২৩ ভোট ও মো. জুলফিকার আলী খান ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক প্রার্থী শেখ হেমায়েত উল্লাহ একই প্যানেলের যুগ্ম সম্পাদক পদে কে এম আশরাফুল আলম (নান্নু), বেলাল হোসেন, কোষাধ্যক্ষ পদে জহীর মুকুল, নির্বাহী সদস্য পদে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের ১৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন মো. একরামুল কবির মিল্টন, মো. তরিকুল ইসলাম, কাজী নুর মোহাম্মদ, এজেএম ওহিদুল ইসলাম (সেলিম), একেএম শহিদুল ইসলাম, আলহাজ্ব মো. মিজানুর রহমান, শফিউল আলম সবুজ, মো. ইয়াছিন খান, মো. আজিজুর রহমান জুয়েল, মেহেদী কবির, মো. মাহমুদুল হক সেতু, মো. রেজানুল ইসলাম এবং মো. তরিকুল ইসলাম। আগেই সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত ২৬ জন প্রার্থীর মধ্যে উপজেলা কোটায় (সংরক্ষিত) নির্বাহী সদস্য পদে চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত