সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভুয়া এমবিবিএস ডিগ্রি ধারী এক ডাক্তারকে আটক করা হয়েছে। আটককৃত ভুয়া ডাক্তার সাদিয়া আক্তার (৪৩) ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকার মুহিত খানের মেয়ে। মঙ্গলবার (১২ মার্চ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় ওই ভুয়া এমবিবিএস ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও ফার্মেসিকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে বিভিন্ন অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কিশলয় সাহা জানান, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম পরিচয় ব্যবহার করে ভুয়া চিকিৎসক সাদিয়া আক্তার দীর্ঘদিন ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে আটক করেছে। একইসঙ্গে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ফার্মেসিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।