প্রাণীদের কথাও একটু ভাবুন

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:০০ এএম

জয়া আহসান প্রাণীদের প্রতি সবসময় সংবেদনশীল। কদিন আগেই দেশ রূপান্তরকে বলেছিলেন, প্রাণীদের প্রতি বোধের জায়গাটা খুবই স্বচ্ছ। আমরা যেমন মানুষ, তেমনি বেঁচে থাকার সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের প্রাণ- প্রকৃতিরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এই বোধ সবার থাকা দরকার। আশার কথা হচ্ছে, নতুন প্রজন্ম এসব বিষয়ে বেশ সচেতন। অন্তত আগের চেয়ে প্রাণীর প্রতি দায়িত্ববোধের জায়গাটা আলোচনায় এসেছে। ইদানীং অনেকেই যেমন বাসাবাড়িতে প্রাণী পোষ্য নিচ্ছেন, তেমনি রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বিড়ালের প্রতিও সংবেদনশীল হয়ে উঠেছে আমাদের সমাজ। তবে অনেক ক্ষেত্রে কিছু বন্যপ্রাণী রূঢ়তারও শিকার হচ্ছে। হয়তো আগেও এমন হতো, কিন্তু এখন মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়াতে আমাদের নজরে পড়ছে।

এবার রমজানে রাস্তার কুকুরদের প্রতি খাবার দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারা দিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দিই।

অধিকাংশ ভক্তরা জয়ার এই আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন। তারাও মন্তব্যের মাধ্যমে জয়ার আহ্বানে সাড়া দেবেন বলে জানিয়েছেন। সম্প্রতি হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধনসহ বাণিজ্যিক ও বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধের জন্য হাইকোর্টে রিট করেছিলেন জয়া আহসান। এরপর সেটা আমলে নেয় আদালত। এসব কাজে ব্যক্তিগত লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছে আদালত। এ রিটে জয়ার সঙ্গে ছিল প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে গত ৯ ফেব্রুয়ারি। নুরুল আলম আতিক পরিচালিত এ ছবিটি অবশ্য খুব একটা সাড়া পায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত