বার্সেলোনার ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’র একই ব্যাচের ছাত্র লামিন ইয়ামাল ও পাও কুবারসি। দুজনের বন্ধুত্বও গড়ে উঠেছে সেখান থেকেই। মঙ্গলবার থেকে তারা হলেন সতীর্থ। একজনের অভিষেক হয়েছে আগেই। অন্যজনের হলো মঙ্গলবার রাতে। সে রাতে আবার কুবারসির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। সঙ্গে বার্সাও চার বছর পর নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল।
অলিম্পিক স্টেডিয়ামে গতকাল রাতে নাপোলির বিপক্ষে ইয়ামালের সঙ্গে মাঠে নেমেই রেকর্ড গড়েন কুবারসি। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচে একাদশে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তার বয়স ১৭ বছর ৫০ দিন। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড আলাবার। বায়ার্ন মিউনিখের হয়ে ২০১০ সালে ১৭ বছর ২৫৮ দিন বয়সে মাঠে নেমেছিলেন।
রেকর্ড শুধু কুবারসি একাই গড়েননি। ইয়ামালেরও জায়গা হয়েছে রেকর্ডের পাতায়। মূল একাদশে কুবারসিকে অভিষেকের সুযোগ করে দিয়েছেন জাভি হার্নান্দেজ। আর এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট ম্যাচে মূল একাদশে ১৭ বছর বয়সের মধ্যে দুজন খেলোয়াড়কে মাঠে নামানোর রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি। লামিন ইয়ামালের বয়স ১৬ বছর ২৪৩ দিন। বার্সার অফিশিয়াল ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১২ মার্চ তারিখটা কুবারসি ভুলতে পারবেন না। কারণ চ্যাম্পিয়নস লিগে বার্সার সর্বকনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে মাঠে নামার রেকর্ড যে এখন কুবারসির।
যদিও প্রায় দুই মাস হয়ে গেল বার্সার মূল দলের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন কুবারসি। প্রায় ৬ ফুট উচ্চতার শক্তপোক্ত শরীরের ঝানু সেন্টারব্যাক হিসেবে এরই মধ্যে নজর কেড়েছেন। গতকালও ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই একদম ম্যাচসেরা!
অপটা হোসে জানিয়েছে, কুবারসিই বার্সার প্রথম খেলোয়াড় যিনি, চ্যাম্পিয়নস লিগ অভিষেকে ৫০+ সফল পাস দিয়েছেন, ট্যাকল জিতেছেন শতভাগ তিনটিই ও পাঁচটির বেশি বল ‘ক্লিয়ার’ করেছেন।
কুবারসি কতটা ভালো খেলেছেন, ম্যাচ শেষে সেটি বুঝিয়েছেন বার্সা অধিনায়ক সার্জিও রবার্তো, ‘কুবারসি অবিশ্বাস্য। সে সত্যিই মাঠের সেরা খেলোয়াড় ছিল। এমন বয়সে সে সব সময়ই আমাদের বিস্মিত করে যাচ্ছে...আশা করি সে যেন সারা জীবন বার্সাতেই খেলে। বিনয়ী, প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী—এটাই তো লা মাসিয়ার (খেলোয়াড়দের) পরিচয়।’
ম্যাচ শেষে জাভি মন্তব্য করেন, ‘বার্সেলোনার ভক্ত হিসেবে এটা উপভোগ করার দিন। আমরা খুব পরিপূর্ণ পারফরম্যান্স করেছি। বল হাতে এবং বল ছাড়া দলটি খুব ভাল ছিল এবং আমরা খেলার অনেক দিক থেকে আধিপত্য বিস্তার করেছি। আমি খেলোয়াড়দের নিয়ে খুশি, তারা তাদের সবটুকু দিয়েছে। এটি আমাদের মৌসুমের সেরা ম্যাচগুলির মধ্যে একটি ছিল। আমরা গর্ব করতে পারি। বার্সেলোনার সবকিছুর জন্য এটা খুবই গর্বের দিন কারণ আমরা ইউরোপের সেরা আট দলের একটি।’
কুবারসির বিষয়ে তিনি বলেন, ‘কুবারসির হাতে বল থাকলে আমার হৃদস্পন্দন বাড়ে না, বরং আমি শান্ত থাকি। এই মুহূর্তটা আমার কাছে অমূল্য। বল বের করে আনতেও সে দারুণ পারদর্শী। তার অসাধারণ খেলা দেখে আমি খুব খুশি।’
